জাতীয়
অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি নতুন দায়িত্ব গ্রহণ এবং অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে প্রয়োগের একটি অঙ্গীকার। যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, সেই সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে তিনি উল্লেখ করেন, সাফল্যের প্রকৃত মূল্যায়ন ব্যক্তিগত অর্জনে নয়, বরং অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতার ওপর নির্ভর করে।
আজ সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সমাবর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, কেবল সনদসর্বস্ব জ্ঞান দিয়ে ব্যক্তি বা দেশের উন্নয়ন সম্ভব নয়; এর জন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা, সুগভীর দেশপ্রেম এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ। উচ্চশিক্ষার সাফল্য কেবল বিশ্ববিদ্যালয় বা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার গুণগত মান, যুগোপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক এবং শোভন কর্মসংস্থানই একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্যের মাপকাঠি।
বিগত দেড় দশকের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, এ সময়ে বাছ-বিচারহীনভাবে বিশ্ববিদ্যালয় অনুমোদনের ফলে মানহীন প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী বেকার তৈরি হয়েছে এবং সম্ভাবনাময় তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে বহুশিক্ষাধারার মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সাথে নিজস্ব ইতিহাস, ভাষা ও সংস্কৃতিকে ধারণ করে আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের তাগিদ দেন।
বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা, সমস্যা সমাধান ও অভিযোজন সক্ষমতা অর্জনের পরামর্শ দেন রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী ও ব্যবহারিক শিক্ষায় জোর দিয়ে শিক্ষার্থীদের চাকরিপ্রার্থীর পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার তাগিদ দেন তিনি। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং তথ্য সুরক্ষার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের বিবেক ও সততার বিকল্প হতে পারে না।
অনুষ্ঠানে ২০২৪-এর গণঅভ্যুত্থানে আইইউবিসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাষ্ট্রপতি।
বক্তব্যের পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড্যানিয়েল ডব্লিউ লান্ড গ্র্যাজুয়েটদের উপস্থাপন করলে আচার্য হিসেবে রাষ্ট্রপতি তাঁদের ডিগ্রি প্রদান করেন। পরে তিনি আচার্যের পদকপ্রাপ্ত তিনজন শিক্ষার্থীসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
সমাবর্তনে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. তামিম এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. আইনুন নিশাত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমদ, বিশ্ববিদ্যালয়ের এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান মো. জাকারিয়া খান এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসিফ পারভেজ।