বাংলাদেশ, রাজনীতি
ডিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর থানা থেকে যুবলীগ নেতাকে ছাড়াতে যাওয়া সেই ছাত্রদল নেতা বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর ছাত্রদল নেতা ফয়সাল কবিরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
আজ মঙ্গলবার ডিবিসি অনলাইনে ‘কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে ছাত্রদল নেতার তদবির’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অধীন দক্ষিণ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য ফয়সাল কবিরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
ডিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর কেন্দ্রীয় সংসদের এ সিদ্ধান্তের বিষয়টি সামনে আসে।
ডিবিসি/এসভিএন