সারা বাংলা
পিরোজপুরে ইয়াবা ও ককটেলসহ মাদক কারবারি আটক, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মীর সোহাগ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুরের বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় ডিবির একটি দল ঢাকা-পিরোজপুর মহাসড়কের আলামকাঠী নামক স্থানে নাসির শেখের মুদির দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মীর সোহাগকে সন্দেহজনকভাবে দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুঙ্গাপাশা এলাকায় তাঁর শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তিনটি তাজা ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটক মীর সোহাগ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে চলমান রয়েছে।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব জানান, আটক মীর সোহাগ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিস্ফোরক উপাদানাবলী আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এমকেএ