আন্তর্জাতিক, ভারত
ভারতের মুম্বাইয়ের ঘটনা
একই ব্যাংকের ঝাড়ুদার থেকে হলেন এজিএম, তারপর হলেন চিকিৎসকও

জীবন যখন কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করায়, তখন নিজেকে আরও শক্ত হতে হয়। এই কথারই যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রতীক্ষা তোন্ডওয়ালকার। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একজন খণ্ডকালীন ঝাড়ুদার থেকে একই ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এবং পরবর্তীতে চিকিৎসক হওয়ার এক অবিশ্বাস্য যাত্রার গল্প তৈরি করেছেন তিনি।
১৯৬৪ সালে পুনেতে জন্মগ্রহণ করেন প্রতীক্ষা। আর্থিক টানাপোড়েনের কারণে শৈশব থেকেই তার সংগ্রাম শুরু। মাত্র ১৬-১৭ বছর বয়সে বিয়ের পর সপ্তম শ্রেণিতেই তার আনুষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে। কিন্তু বিয়ের মাত্র তিন বছর পর এক সড়ক দুর্ঘটনায় স্বামী সদাশিব কাদু মারা গেলে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। মাত্র ২০ বছর বয়সে এক বছরের সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন তিনি।
বেঁচে থাকার তাগিদে সেলাইয়ের মতো ছোটখাটো কাজ শুরু করেন প্রতীক্ষা। পরে স্বামীর বকেয়া বেতন আনতে মুম্বাইয়ের একটি এসবিআই শাখায় যান তিনি। সেখানে শাখা ব্যবস্থাপকের কাছে সন্তানকে বড় করার জন্য একটি কাজের আকুতি জানান। দীর্ঘ পাঁচ মাস অপেক্ষার পর ১৯৮৫ সালে এসবিআইতে খণ্ডকালীন ঝাড়ুদারের কাজ পান তিনি। বেতন ছিল মাসে মাত্র ৬০-৬৫ রুপি। প্রতিদিন সকালে ব্যাংক খোলার আগে মেঝে ঝাড়ু দেয়া, শৌচাগার পরিষ্কার করা ও আসবাবপত্র মোছার কাজ করতেন তিনি।
কাজ করতে গিয়ে প্রতীক্ষা বুঝতে পারেন, জীবনে এগিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। এক ভাঙারি বিক্রেতার কাছ থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণির পুরোনো বই সংগ্রহ করে রাতে পড়াশোনা শুরু করেন। প্রথম চেষ্টাতেই ৬০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাস করেন তিনি। এরপর মুম্বাইয়ের একটি নৈশ কলেজে ভর্তি হয়ে দ্বাদশ শ্রেণি এবং পরবর্তীতে মনোবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন।
শিক্ষাগত যোগ্যতা অর্জনের সঙ্গে সঙ্গে তার পদোন্নতিও হতে থাকে। ১৯৯০ সালে ঝাড়ুদার থেকে মেসেঞ্জার এবং ১৯৯৫ সালে বিভাগীয় পরীক্ষায় পাস করে ক্লার্ক-কাম-ক্যাশিয়ার হন তিনি। এর মাঝে ১৯৯৩ সালে প্রমোদ তোন্ডওয়ালকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রতীক্ষা। স্বামীর উৎসাহে তিনি ব্যাংকের অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষায় অংশ নেয়া শুরু করেন।
অক্লান্ত পরিশ্রম আর অধ্যবসায়ের জোরে তিনি ট্রেইনি অফিসার থেকে শুরু করে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদে উন্নীত হন। সর্বশেষ ২০২২ সালের জুনে এসবিআইয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে এক অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি।
তবে এখানেই থেমে থাকেননি প্রতীক্ষা। ব্যাংক থেকে অবসরের পর তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের পথে হাঁটেন। প্রায় ৫৫ বছর বয়সে তিনি ন্যাচারোপ্যাথির ওপর দুই বছরের কোর্স সম্পন্ন করে নামের আগে চিকিৎসক উপাধি যুক্ত করেন। একসময়ের ঝাড়ুদার থেকে ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শেষে চিকিৎসক হয়ে ওঠা প্রতীক্ষার এই অদম্য যাত্রাই এখন হার না মানা এক অনন্য অনুপ্রেরণা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডিবিসি/এসভিএন