বাংলাদেশ
কপ৩১ জলবায়ু সম্মেলন: তিন মূল অগ্রাধিকার তুলে ধরলেন ড. খলিলুর রহমান

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় আসন্ন কপ৩১ (COP31) জলবায়ু সম্মেলনকে সামনে রেখে তিনটি মূল অগ্রাধিকার তুলে ধরেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক ভিডিও বার্তায় তিনি দ্রুত পরিবেশবান্ধব জ্বালানিতে উত্তরণ, সুনির্দিষ্ট জলবায়ু অর্থায়ন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় বিশ্ব সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আগে দেওয়া এই বিশেষ বার্তায় ড. খলিলুর বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলো প্রতিনিয়ত চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই দীর্ঘদিনের আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে এখন আর কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব ও কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি তাঁর প্রথম অগ্রাধিকার হিসেবে প্যারিস চুক্তির কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি জানান, ঐতিহাসিক এই জলবায়ু চুক্তি গ্রহণের এক দশকেরও বেশি সময় পার হয়ে গেছে। বিশ্ব সম্প্রদায়কে এখন দৃশ্যমান ফলাফল অর্জনে মনযোগী হতে হবে। এর জন্য দ্রুত পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো, বিদ্যুতের লাইন সম্প্রসারণ এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্য হারে কমানোর তাগিদ দেন তিনি।
দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে ড. খলিলুর রহমান জলবায়ু অর্থায়নের কথা তুলে ধরেন। তিনি জলবায়ু অভিযোজন, সহনশীলতা বৃদ্ধি এবং দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সুনির্দিষ্ট ও সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান। এই আর্থিক সহায়তা যেন জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি পৌঁছায়, তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এতে করে ক্ষতিগ্রস্ত দেশগুলো তাদের সক্ষমতা বাড়াতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
মানবজীবন রক্ষা করাকে তৃতীয় অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করে এই কূটনীতিক বলেন, চরম আবহাওয়া ও জলবায়ুজনিত দুর্যোগের কবলে থাকা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বাঁচাতে হবে। এই লক্ষ্যে আগাম সতর্কবার্তা ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতি এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষায় বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক জলবায়ু পদক্ষেপে এমন বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে, যা স্থানীয় মানুষকে রক্ষা করার পাশাপাশি বিশ্বকে একটি কার্বনমুক্ত ও সহনশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।
উল্লেখ্য, ২০১৫ সালে গৃহীত প্যারিস চুক্তির মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছিল। তবে ড. খলিলুর রহমান মনে করিয়ে দেন যে, প্রতিশ্রুতির বাস্তবায়নে ঘাটতি, অপর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং ঘন ঘন জলবায়ু দুর্যোগের কারণে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এখনো বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কপ৩১ সম্মেলনকে এই চ্যালেঞ্জ মোকাবিলার একটি মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন তিনি।
ডিবিসি/এমএনকে