আন্তর্জাতিক
নতুন ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র শহর’ উদ্বোধন করল ইরানের আইআরজিসি

ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিশাল সমাহার নিয়ে একটি নতুন ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র শহর’ বা ক্ষেপণাস্ত্র ঘাঁটির উদ্বোধন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স।
উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মৌসাভী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলোর উৎক্ষেপণ ব্যবস্থাও প্রদর্শন করা হয়।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি সম্প্রতি ঘোষণা করেছিলেন যে, ‘আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স সপ্তাহ’ উপলক্ষে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ বেশ কয়েকটি সামরিক অর্জন উন্মোচন করা হবে। তারই অংশ হিসেবে এই নতুন স্থাপনাটি সামনে আনা হলো।
জেনারেল মোহেব্বি জানান, আইআরজিসি অত্যন্ত দ্রুততার সাথে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলো ভূপৃষ্ঠ থেকে মাটির নিচে স্থানান্তর করেছে। কেবল ভূগর্ভস্থ অস্ত্র মজুতাগারেই সীমাবদ্ধ না থেকে তারা মাটির গভীর তলদেশে পূর্ণাঙ্গ ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন শহর’ গড়ে তুলেছে।
তিনি আরও উল্লেখ করেন, ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, সুবিশাল ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে যেকোনো ধরনের ভারী বোমাবর্ষণের মধ্যেও তাদের অস্ত্র উৎপাদন প্রক্রিয়া নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হবে।