ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

জাতীয়

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২৯ মিনিট আগে

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদারের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের তৈরি হওয়া স্বাস্থ্যঝুঁকি নিরসনে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ ব্যক্ত করেছেন তুরস্কের ফার্স্ট লেডি ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ান।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে বিশদ আলোচনা হয়। মঙ্গলবার রাতে আন্তালিয়ার পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্মেলনের প্রথম দিনেই দুই দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত সংকটের কারণে প্রান্তিক নারী ও শিশুদের শারীরিক ও সামাজিক ঝুঁকির চিত্র উপস্থাপন করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবেশ সুরক্ষায় গৃহীত বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির মতো জাতীয় উদ্যোগগুলো সম্পর্কে অবহিত করেন।

 

জলবায়ু প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের মানুষের সক্ষমতার প্রশংসা করে এমিনে এরদোয়ান বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে যৌথ উদ্যোগের আগ্রহ দেখান।

 

উপকূলীয় অঞ্চলের বাস্তুচ্যুতি ও নারীস্বাস্থ্য ঝুঁকি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এসব সমস্যা সামাল দিতে তুরস্ক তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। সে লক্ষ্যে তুরস্কের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে, যা মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও চিকিৎসাসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে।

 

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ২০১৭ সালে এমিনে এরদোয়ানের কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, সংকটের একমাত্র টেকসই সমাধান নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।

 

বৈঠকে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি ইতিবাচক সাড়া দেন এবং শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন