ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ভারতে বাজি ফোটানো নিয়ে দ্বন্দ্ব, রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি

ভারতে বাজি ফোটানো নিয়ে দ্বন্দ্ব, রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি

আন্তর্জাতিক

ভারতে বাজি ফোটানো নিয়ে দ্বন্দ্ব, রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১১ই নভেম্বর ২০২৬ ১০:১৫:০১ পূর্বাহ্ন

ভারতের উত্তরপ্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানো নিয়ে বিতণ্ডার জেরে ভারতের রাষ্ট্রপতির বডিগার্ড বা দেহরক্ষী দলের এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। বাগপত জেলায় এ ঘটনা ঘটে। সৌরভ তোমার নামের ওই সেনাসদস্যের মাথায় গুলি লেগেছে। বর্তমানে তিনি মিরাটের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীপাবলির রাতে বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণ নামে স্থানীয় দুই যুবকের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা রূপ নেয় সহিংসতায়। ধীরজ একটি দেশি পিস্তল বের করে গুলি ছুড়লে তা প্রথমে দেয়ালে লেগে ফিরে এসে সৌরভের কানের পেছনে মাথায় বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সৌরভ। এরপর দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়। পরে আতঙ্কিত হয়ে ভিড় সরে গেলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

২৬ বছর বয়সী সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে পুরোনো ও জ্যেষ্ঠ ক্যাভালরি রেজিমেন্ট 'প্রেসিডেন্টস বডিগার্ড'-এর অংশ হিসেবে রাষ্ট্রপতি ভবনে কর্মরত ছিলেন। দীপাবলি উদ্‌যাপন করতে ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে বারৌতের একটি কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা তার মাথা থেকে গুলি বের করতে সক্ষম হলেও, আইসিইউতে থাকা সৌরভের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, আগে থেকেই এই দুই পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে সময়ও কাটাতেন। তবে প্রায় দুই মাস আগে তাদের মধ্যে একটি বিরোধ দেখা দেয়। এদিকে ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ পুলিশে খবর দিলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনুর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সূত্র: এনডিটিভি
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন