ভ্রমণ
মানুষের কারণেই হারিয়েছে ৫ প্রজাতির পাখি, জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন উদ্যোগ

যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে ‘ফ্রম দিজ ল্যান্ডস : শেয়ারিং আওয়ার ন্যাচারাল অ্যান্ড কালচারাল হেরিটেজ’ শীর্ষক প্রদর্শনীতে পাঁচটি বিলুপ্ত প্রজাতির পাখির নমুনা স্থান পেয়েছে। বাখম্যানস ওয়ার্বলার, হিথ হেন, কাউয়াই ওও, ক্যারোলাইনা প্যারাকিট এবং প্যাসেঞ্জার পিজিয়ন এই পাঁচ পাখির বিলুপ্তির করুণ ইতিহাস জীববৈচিত্র্য রক্ষায় এক বড় সতর্কবার্তা।
পাখিগুলোর বিলুপ্তির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মানুষের কর্মকাণ্ড যেমন নির্বিচারে শিকার, আবাসস্থল ধ্বংস, আগ্রাসী বহিরাগত প্রাণীর বিস্তার এবং মশাবাহিত নানা রোগব্যাধি। একসময় উত্তর আমেরিকার আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো প্যাসেঞ্জার পিজিয়ন কিংবা হাওয়াই দ্বীপের কাউয়াই ওও পাখির হারিয়ে যাওয়া প্রমাণ করে, মানুষের অসচেতনতা কীভাবে একটি প্রজাতিকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। গবেষকদের মতে, এ পর্যন্ত প্রায় দেড় হাজার প্রজাতির পাখি বিশ্ব থেকে বিলুপ্ত হয়েছে, যার বেশিরভাগই ঘটেছে দ্বীপাঞ্চলে।
তবে সংরক্ষিত এই নমুনাগুলো শুধু প্রদর্শনীর জন্যই নয়, বরং বৈজ্ঞানিক গবেষণায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজ্ঞানীরা এসব নমুনার টিস্যু ও পালক থেকে জিনোম পুনর্গঠন, খাদ্যাভ্যাস ও অতীতের পরিবেশগত অবস্থা সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করতে পারেন।
প্রদর্শনীতে হতাশার পাশাপাশি আশার আলোও দেখানো হয়েছে ‘গুয়াম রেল’ পাখির সফল পুনরুদ্ধারের মাধ্যমে। প্রায় ৪০ বছর বন্য পরিবেশে বিলুপ্ত থাকার পর সমন্বিত প্রজনন কর্মসূচির মাধ্যমে এদের আবারো প্রকৃতিতে ফেরানো সম্ভব হয়েছে। এটি প্রমাণ করে যে, প্রতিটি প্রাণীর বিলুপ্তি অবধারিত নয়; সময়মতো বৈজ্ঞানিক হস্তক্ষেপ ও কার্যকর উদ্যোগ নিলে বিপন্ন প্রাণীদের রক্ষা করা সম্ভব।
পাখি বিলুপ্ত হলে উদ্ভিদের পরাগায়ন ও বীজ বিস্তারে নেতিবাচক প্রভাব পড়ে, যা বৃহত্তর বাস্তুতন্ত্রকে বাধাগ্রস্ত করে। তাই এই প্রদর্শনী কেবল অতীতের স্মৃতিচারণ নয়, বরং অবশিষ্ট জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের এক জোরালো আহ্বান।
ডিবিসি/এমএনকে