সারা বাংলা
কুমিল্লায় মা-মেয়ে হত্যার একমাত্র আসামি মোবারক হোসেনের মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে মোবারক হোসেন নামের একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসিন আরাফাত এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন নিহত সুমাইয়ার পরিবার ও সহপাঠীরা।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল মোতালেব জানান, মাত্র দুই মাস ১৫ দিনের মধ্যে এ মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে। মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। গত ১২ অক্টোবর সাক্ষ্যগ্রহণ ও ২৭ অক্টোবর যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত এই রায় দেন। রায়ে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি সুমাইয়াকে হত্যার দায়ে দুই লাখ এবং তাঁর মাকে হত্যার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এপিপি আরও বলেন, ‘এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা চাই দ্রুত এই রায় কার্যকর হোক।’
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত নিহত সুমাইয়ার ভাই মো. তাজুল ইসলাম সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি। উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে বলে আশা করছি। এখন আমাদের একটাই চাওয়া, দ্রুত যেন রায়টি কার্যকর হয়।’ কুবিতে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যায়নরত সুমাইয়ার সহপাঠীরাও আসামির সর্বোচ্চ এই সাজা দ্রুত কার্যকরের দাবি জানান।
মামলার বিবরণী ও তদন্ত সূত্র থেকে জানা যায়, ঝাড়ফুঁকের মাধ্যমে সুমাইয়ার পরিবারের সঙ্গে পরিচয় হয়েছিল মোবারক হোসেনের। পরিচয়ের সূত্র ধরে ঘটনার আগে প্রায় এক মাস ধরে ওই বাসায় তার যাতায়াত ছিল। গত ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা শহরের কালিয়াজুড়ি এলাকার ভাড়া বাসায় সুমাইয়াকে ধর্ষণ করে মোবারক। বিষয়টি দেখে ফেলায় সুমাইয়ার মা তাহমিনা বেগম এবং সুমাইয়া-উভয়কেই হত্যা করে সে।
পরদিন ৮ সেপ্টেম্বর পুলিশ বাসাটি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। পরবর্তীতে পুলিশ মোবারককে গ্রেপ্তার করলে ৯ সেপ্টেম্বর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে সে ধর্ষণ ও জোড়া খুনের দায় স্বীকার করে।
ডিবিসি/এমএনকে