বাংলাদেশ, বাণিজ্য
বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

বিশ্ববাজারে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক তন্তুর তৈরি পণ্যের চাহিদা বাড়ায় সুদিন ফিরতে শুরু করেছে বাংলাদেশের পাট খাতের। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, গত ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এ খাত থেকে আয় হয়েছিল ২৭৭ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ দশমিক ৩৭ মিলিয়ন ডলারে। অর্থাৎ, চার মাসে আয় বেড়েছে ২৪ দশমিক ৮৮ শতাংশ বা ৬৯ মিলিয়ন ডলার।
পণ্যভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কাঁচা পাট রপ্তানিতে (৬২ দশমিক ৪২ শতাংশ)। গত অর্থবছরের ৩৩ দশমিক ২১ মিলিয়ন ডলার থেকে বেড়ে কাঁচা পাট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৯৪ মিলিয়ন ডলারে। তবে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এসেছে পাটের সুতা ও টুইন থেকে। এ খাতে আয় ৩০ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ২১৬ দশমিক ৫৪ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে চট ও থলের রপ্তানি কিছুটা কমলেও অন্যান্য পাটজাত পণ্যের আয় বেড়েছে।
প্লাস্টিকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে পাটের তৈরি ব্যাগ, প্যাকেজিং, কারিগরি বস্ত্র, ফ্যাশন পণ্য ও পাটকাঠির চারকোলসহ বহুমুখী পণ্যের কদর বাড়ছে। এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে সরকার ২০২৬-২০৩১ মেয়াদি পাঁচ বছরব্যাপী ‘বাংলাদেশ পাট খাত উন্নয়ন কৌশল ও কর্মপরিকল্পনা’ গ্রহণ করেছে।
প্রায় ৪ হাজার ৭৫০ কোটি টাকা সম্ভাব্য বিনিয়োগের এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো-২০৩১ সালের মধ্যে পাট খাতের বার্ষিক রপ্তানি আয় ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে উন্নীত করা। এছাড়া কাঁচা পাটের উৎপাদন ১ কোটি ২০ লাখ বেলে উন্নীত করা এবং দেশে ৮৫-৯০ শতাংশ পাটবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মূল্য সংযোজিত বহুমুখী পাটপণ্য রপ্তানির হার বর্তমানের ৪৫ শতাংশ থেকে ৭০ শতাংশে নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, তৈরি পোশাকের পাশাপাশি পাটসহ অন্যান্য সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দিচ্ছে। বাংলাদেশকে উৎপাদন ও রপ্তানির একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
অন্যদিকে, বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করীম মুন্না বলেন, কাঁচা পাট রপ্তানি বৃদ্ধি আশাব্যঞ্জক হলেও উচ্চমূল্যের বহুমুখী পণ্য উৎপাদনে সক্ষমতা আরও বাড়াতে হবে। এজন্য একটি সুপরিকল্পিত কৌশলগত কর্মপরিকল্পনা ও বিশেষায়িত গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা গেলে এ খাত থেকে বছরে ২-৩ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব।
ডিবিসি/এমএনকে