সারা বাংলা, অপরাধ
নেত্রকোণায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার আলোচিত মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের নভেম্বরে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই শিশুকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখানোয় শিশুটি তা গোপন রাখে এবং মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরে চলতি বছরের এপ্রিলে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
আইনি প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ পরীক্ষা করালে সাগরের ডিএনএর সঙ্গে ৯৯.৯৯ শতাংশ হুবহু মিল পাওয়া যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ শতভাগ নিশ্চিত করে। এই অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে গত ২৬ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আক্তারুজ্জামান।
এর আগে গত ২৮ অক্টোবর মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হয়। শুনানিকালে প্রধান আসামি শিক্ষক সাগর নিজের সব সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে আপস করে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও বিচারক তা সরাসরি খারিজ করে দেন। বিচারক তখন স্পষ্ট জানিয়ে দেন যে আপসের কোনো সুযোগ নেই। ওই দিনই বিচারক রায় ঘোষণার জন্য আজকের (১১ নভেম্বর) দিনটি ধার্য করেছিলেন।
ডিবিসি/পিআরএএন