ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডাচেস অব এডিনবার্গের বৈঠক

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডাচেস অব এডিনবার্গের বৈঠক

জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডাচেস অব এডিনবার্গের বৈঠক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩১ মিনিট আগে

বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে রাষ্ট্রপতি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চলমান এই রোহিঙ্গা সংকট বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে এবং এটি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

 

ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখে থাকা মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ডাচেস অব এডিনবার্গের কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন এই চলমান মানবিক সংকটের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

ব্রিটিশ রাজপরিবারের সদস্যকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি নারীর ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তিনি দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সম্প্রসারণ এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

 

সাক্ষাৎকালে ডাচেস অব এডিনবার্গ তাঁর তিন দিনের বাংলাদেশ সফরের নানা অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবির, বিকেএসপি ও বিপসট পরিদর্শনের কথা জানান। তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন, ক্ষমতায়ন এবং অর্থনীতিতে তাঁদের অবদানের প্রশংসা করেন। রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং সফরসঙ্গীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বৈঠকে দু'দেশের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন