সারা বাংলা
টেকনাফে ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সাবরাং ইউনিয়নের আলো গোলা জোড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে এই অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল। দুপুরে এক সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মিয়ানমার থেকে একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়। ভোরে অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পেয়ে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু নৌকাটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড ধাওয়া দিয়ে সেটিকে আটক করে।
পরে নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ পিস অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় এবং নৌকাটি জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ (৫০) এবং একই এলাকার নজির আহম্মদ (৪১)।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, এই চক্রের মূল হোতা এবং অন্যান্য জড়িতদের শনাক্তে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। জব্দকৃত সামগ্রী, ব্যবহৃত নৌকা ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উপকূলীয় অঞ্চলে অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
ডিবিসি/এমএনকে