সারা বাংলা
বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন

কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র সামনের ক্রেন (বুম) ভেঙে পড়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাপ্তাহিক নিয়মিত মহড়া ও পরিচ্ছন্নতার অংশ হিসেবে সকালে উদ্ধারকারী জাহাজটির ক্রেন নামানোর কাজ চলছিল। কাজ শুরুর পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ক্রেনের সামনের অংশটি ভেঙে নিচে পড়ে যায়। এ সময় বিকট শব্দে জাহাজের এক কর্মী আতঙ্কে অচেতন হয়ে পড়লেও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
দুর্ঘটনার কারণ সম্পর্কে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র মাস্টার মো. আলমগীর হোসেন বলেন, ‘প্রতি সপ্তাহের মতো রুটিন কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ কী ধরনের কারিগরি ত্রুটি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।’
জাহাজটির কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানান, ক্ষতিগ্রস্ত ক্রেনটি উদ্ধারে কাজ শুরু হয়েছে। উদ্ধারকাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর অপর শক্তিশালী উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া জানান, ক্রেনটি ভেঙে পড়ার সময় বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের বার্জের (পন্টুন) কিছুটা ক্ষতি হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, ২০১৩ সালে ২৫০ টন ধারণক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএ ঘাটে স্থানান্তর করা হয়। সাধারণত দক্ষিণাঞ্চলে বড় ধরনের নৌ-দুর্ঘটনা ছাড়া জাহাজটি ব্যবহৃত হয় না।