ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

শরীয়তপুরে কলেজ শিক্ষার্থী ধর্ষণ ও অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

শরীয়তপুরে কলেজ শিক্ষার্থী ধর্ষণ ও অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সারা বাংলা

শরীয়তপুরে কলেজ শিক্ষার্থী ধর্ষণ ও অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

শরীয়তপুর

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

শরীয়তপুরে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সিয়াম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সিয়াম জেলার ডামুড্যা উপজেলার ছোট শিধলকুড়া এলাকার খোঁদাবক্স পেদার ছেলে।

 

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ডামুড্যার ওই কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিয়ামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় এই রায় প্রদান করেন।

 

রায়ে ৯(১) ধারা অনুযায়ী আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ৭ ধারা অনুযায়ী তাঁকে আরও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আদালতের নির্দেশ অনুযায়ী, আসামির দুটি ধারার সাজা একই সঙ্গে চলবে। এছাড়া জরিমানা হিসেবে আদায়কৃত সমুদয় ১ লাখ ৫০ হাজার টাকা মামলার ভুক্তভোগী ও অভিযোগকারিণীকে প্রদান করা হবে।

 

এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম শাহে আলম। প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, "অপরাধ প্রমাণ হওয়ায় আদালত উপযুক্ত শাস্তি দিয়েছেন। এর মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি।"

 

ডিবিসি/এমকেএ

আরও পড়ুন