সারা বাংলা
ভোলার লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা, আটক ১

ভোলার লালমোহন উপজেলায় সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল জলিল (৬৫) এবং অভিযুক্ত সহিদ ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজেদের বাগানের সুপারি পাড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে চরম ক্ষিপ্ত হয়ে বড় ভাই সহিদ ছোট ভাই জলিলকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং একপর্যায়ে গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়।
খবর পেয়ে লালমোহন থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত সহিদকে আটক করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অভিযুক্ত সহিদকে আটক করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি / এমকেএ