আন্তর্জাতিক, ভারত
লিপস্টিকে লেখা ‘হাইজ্যাক অ্যালার্ট’ দেখে ভেস্তে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

ভারতের কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ‘হাইজ্যাক’ বা ছিনতাইয়ের হুমকি ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার সকালে বিমানটির শৌচাগারের আয়নায় লিপস্টিক দিয়ে লেখা এই হুমকি দেখতে পান ক্রুরা। এরপর ১০৫ জন যাত্রীসহ বিমানটিকে দ্রুত আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। তবে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ পরে নিশ্চিত করেছে যে, এই সতর্কতাটি ছিল সম্পূর্ণ ভুয়া।
দেশটির সংবাদ সংস্থা পিটিআই-কে বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশি শেষে বুধবার বিকেল ৫টার দিকে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১০টার দিকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিমানবন্দর পুলিশ কর্মকর্তা জানান, ‘ফ্লাইট এআই ৭৭২-এর পাইলট যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কেবিন ক্রুরা শৌচাগারের আয়নায় সম্ভবত লিপস্টিক দিয়ে লেখা একটি হাইজ্যাক সতর্কতা দেখতে পান।’
নিয়ম অনুযায়ী তাৎক্ষণিকভাবে সতর্কতা জারি করা হয় এবং বিমানটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। ওই কর্মকর্তা আরও জানান, ‘সাধারণ পদ্ধতির অংশ হিসেবে বিমানবন্দরে তল্লাশি চালানোর জন্য নিরাপত্তা কর্মী, ফায়ার সার্ভিস এবং বোম্ব স্কোয়াডের সদস্যদের মোতায়েন করা হয়। যাত্রীদেরকেও বিমান থেকে নামিয়ে আনা হয়।’
পরে কর্মকর্তারা জানান, দুপুর দেড়টা পর্যন্ত বিমানে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। যাত্রীদের লাগেজও পরীক্ষা করা হয়েছে।
এক বিমানবন্দর কর্মকর্তা বলেন, ‘এ ধরনের ক্ষেত্রে বিমানে ওঠার আগে ও পরে যাত্রীদের গতিবিধি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারা সন্দেহজনক কিছু দেখেছেন কি না, তা জানতে চাওয়া হয়।’
এদিকে এক বিবৃতিতে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে: ‘আজ সকাল ১০টা ৩৭ মিনিটে কলকাতা থেকে মুম্বাই রুটে চলাচলকারী এয়ার ইন্ডিয়ার এআই ২৭৭২ ফ্লাইটের শৌচাগারের ভেতরে কেবিন ক্রুরা একটি হাইজ্যাক নোট খুঁজে পান। প্রটোকল অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে বর্তমানে প্রয়োজনীয় তল্লাশি কার্যক্রম চলছে।’
ডিবিসি/এসডব্লিইএন