বাংলাদেশ, সারা বাংলা
ঝালকাঠিতে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু, চালক পলাতক

ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় স্বরজিৎ ডাকুয়া (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের আওরাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বরজিৎ ডাকুয়া উপজেলার আওরাবুনিয়া এলাকার মৃত উপেন্দ্র নাথ ডাকুয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় সাতনী বাজার থেকে দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছিলেন কৃষক স্বরজিৎ ডাকুয়া। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এসভিএন