বাংলাদেশ, সারা বাংলা
টেকনাফে ৭২ লিটার দেশীয় চোলাই মদসহ আটক ১, অটোরিকশা জব্দ

কক্সবাজারের টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির বিশেষ অভিযানে ৭২ লিটার দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) আওতাধীন দমদমিয়া বিওপি সংলগ্ন চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়মিত তল্লাশির জন্য থামান দায়িত্বরত বিজিবি সদস্যরা। এ সময় চালকের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সিএনজির চালকের আসনের নিচে এবং ইঞ্জিনের ডান ও বাম পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্লাস্টিকের বোতল থেকে ৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে সিএনজিসহ চালককে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন আবুল মঞ্জুর (৪৯)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনির ঘোনা এলাকার আমির হোসেনের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং কে-৯ ডগের সহায়তায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দকৃত সিএনজিচালিত অটোরিকশা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডিবিসি/এসভিএন