সারা বাংলা
ব্রাহ্মণবাড়িয়ায় এসআরবির অভিযানে ৩০০ কেজি গাঁজা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৯। অভিযানকালে নুরুল ইসলাম (৩৮) নামে একজনকে শনাক্ত করা সক্ষম হলেও তিনি ও তার সঙ্গে থাকা অন্য মাদক কারবারিরা পালিয়ে যান।
বুধবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর এলাকার রামপুর থেকে মনিপুরগামী পাকা সড়কের পাশের একটি ফসলি জমিতে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ১৫ থেকে ১৭ জন মাদক কারবারি পাটের সুতলি দিয়ে বাঁধা কয়েকটি বাণ্ডিল ফেলে পালিয়ে যান।
এ সময় ধাওয়া করে নুরুল ইসলাম (৩৮) নামে একজনকে শনাক্ত করতে সক্ষম হলেও তিনিও অন্যদের সঙ্গে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ২৫টি বাণ্ডিল তল্লাশি করে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনাক্ত হওয়া নুরুল ইসলাম বিজয়নগর উপজেলার পাইকপাড়া এলাকার আবেদ আলীর ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে এসআরবি সদস্যরা উদ্ধার করা ৩০০ কেজি গাঁজা থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আসামিরা পলাতক থাকায় এসআরবির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/এসডব্লিউএন