সারা বাংলা
হবিগঞ্জে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোয় তিন প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো, মোড়ক ব্যবহার না করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও হবিগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় তিন প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে বিসমিল্লাহ বেকারির মালিক মো. আল মামুনকে ২৫ হাজার টাকা, মেসার্স ঢাকা বেকারির মালিক মাহমুদুল হাসানকে ১৪ হাজার টাকা এবং ‘মিষ্টিমুখ’ দোকানের মালিক অরুণ কুমার পালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য উৎপাদন রোধে এবং বাজারের বিভিন্ন অনিয়ম ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি / এমকেএ