ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

লক্ষ্মীপুরে দুধের কৌটা ঘিরে আতঙ্ক, পুলিশের ধারণা ভেতরে রয়েছে বোমা

লক্ষ্মীপুরে দুধের কৌটা ঘিরে আতঙ্ক, পুলিশের ধারণা ভেতরে রয়েছে বোমা

সারা বাংলা

লক্ষ্মীপুরে দুধের কৌটা ঘিরে আতঙ্ক, পুলিশের ধারণা ভেতরে রয়েছে বোমা

‎লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫২ মিনিট আগে

‎লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি কৌটাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৌটা দুটির ভেতরে বোমাসদৃশ বস্তু থাকার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গত মঙ্গলবার থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

‎এদিকে দুই দিন পেরিয়ে গেলেও কৌটা দুটির ভেতরে আসলে কী রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের দাবি, কৌটা দুটির ভেতরে বিস্কোরক জাতীয় কয়েকটি বোমা থাকতে পারে।
‎
‎মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা কৌটা দুটি দেখতে পান স্থানীয়রা। পরে কৌটাগুলোর মুখ খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পাওয়ার দাবি করেন তারা। খবর পেয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার ব্যবস্থা নেন।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাতের ঘটনায় তিনজন আহত হন। ওই ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া বাসার সন্ধান পায় পুলিশ। পরে সোমবার ওই বাসা থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তার বাসার পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাউডার দুধের কৌটার সন্ধান পাওয়া যায়।
‎
‎স্থানীয়রা জানান, বাড়িটির আগের মালিক ঢাকায় বসবাস করেন। পরে বাড়িটি অন্য একজনের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি সেখানে দুজনকে থাকতে দিয়েছিলেন বলে তারা জানতে পেরেছেন। তবে বর্তমানে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাড়ির পেছনের একটি স্থানে কৌটা দুটি পাওয়া যায়। সেগুলোর ভেতরে কী রয়েছে, তা তারা নিশ্চিত নন। ঘটনার পর থেকে পুলিশ সেখানে অবস্থান করছে।
‎
‎এদিকে কৌটা দুটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে। এগুলোতে সত্যিই বিস্ফোরক রয়েছে, নাকি অন্য কিছু, তা জানতে অপেক্ষা করছেন এলাকাবাসী। তবে নিরাপত্তার স্বার্থে কৌটা দুটিতে কাউকে হাত দিতে দেওয়া হচ্ছে না।
‎
‎লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। রাতে নিষ্ক্রিয় করার কাজ সম্ভব না হওয়ায় পরদিন কৌটা দুটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন