আন্তর্জাতিক, ভারত
টনক নড়েছে ভারতের, ঢাকার বস্তিকে দিল্লি বলায় বেজায় নাখোশ

চীনের ইনফ্লুয়েন্সাররা বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের দৃশ্য বলে চালিয়ে দিচ্ছেন- এবার এমন খবরের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। মঙ্গলবার এই প্রতিক্রিয়া জানিয়ে ভারতের একটি ‘বিকৃত রূপ’ তুলে ধরার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেইজিং ও ঢাকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চীনা ভ্লগার এবং ইনফ্লুয়েন্সার ঢাকার উত্তরা এবং টেকপাড়ার মতো এলাকাগুলোতে ভিডিও ধারণ করছেন এবং সেগুলো ভারতের নয়াদিল্লির দৃশ্য বলে প্রচার করছেন।
ঢাকায় চীনা ইনফ্লুয়েন্সারদের এমন কর্মকাণ্ডের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এ সংক্রান্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো দেখেছি। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এমন প্রচেষ্টা দুর্ভাগ্যজনক।’
তিনি আরও বলেন, ‘বিদেশি চক্রের মাধ্যমে ঢাকার কিছু অংশকে দিল্লি হিসেবে তুলে ধরার যে অপচেষ্টা চলছে, এমন মিথ্যা বয়ান প্রচার করলে যারা এসব করছে এবং যারা এর পেছনে আছে, তাদেরই বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ধরনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে চীনা প্ল্যাটফর্মগুলোতে ভারতবিরোধী কনটেন্ট ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বেইজিংয়ে বিপুল সংখ্যক চীনা ইনফ্লুয়েন্সার ভারতের ভিসার জন্য আবেদন করেছিলেন, যার বেশিরভাগই প্রত্যাখ্যান করা হয়।
এ বিষয়ে এক ব্যক্তি বলেন, ‘মনে হচ্ছে, চীনা ভ্লগাররা ভারতে প্রবেশ করতে ব্যর্থ হয়ে বাংলাদেশের দিকে ঝুঁকেছেন।’
সূত্রগুলো জানায়, চীনা প্ল্যাটফর্মগুলোতে থাকা বেশিরভাগ ভারতবিরোধী ভিডিওতে দেশটিকে অনুন্নত, নোংরা এবং অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হিসেবে বর্ণনা করা হয়েছে।
এমন এক সময়ে এই ঘটনা প্রকাশ্যে এল, যখন ভারত ও চীন তাদের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে চলা লাদাখ সামরিক উত্তেজনা- যা দুই দেশের সম্পর্ককে গত ছয় দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গিয়েছিল, তা নিরসনে ২০২৪ সালের অক্টোবরে একটি সমঝোতায় পৌঁছায় উভয় দেশ।
ডিবিসি/এসডব্লিউএন