সারা বাংলা
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ভবনের খোলা ও ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে সাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোলাম রহমান চৌধুরী বাড়ির পাশে সাদেক নগর আত্-তাকওয়া মাদ্রাসার সুপার মাওলানা শামশুদ্দীনের ভবনে এ ঘটনা ঘটে।
নিহত সাঈম ওই এলাকার মো. আখতারের ছেলে। তার বাবা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
পরিবারের অভিযোগ, ভবন মালিকের অবহেলা ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা রাখা এবং ভবনের পাশে ময়লা পানি ফেলার কারণে স্থানটি পিচ্ছিল হয়ে পড়েছিল। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভবনের ভাড়াটিয়ার দুই শিশুর সঙ্গে খেলাধুলা করছিল সাঈম। একপর্যায়ে অসাবধানতাবশত সে ভবনের পাশে থাকা খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তার চাচা হেলাল ও ফারুক তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভবনের এক নারী ভাড়াটিয়া জানান, ভাড়াটিয়াদের দুই শিশুর সঙ্গে প্রতিবেশী শিশু সাঈম খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে শিশুটির চাচারা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
নিহত শিশুর চাচা হেলাল অভিযোগ করে বলেন, মাদ্রাসা থেকে দীর্ঘদিন ধরে ভবনের পাশে ময়লা-আবর্জনাযুক্ত পানি ফেলে আসছিলেন। এতে জায়গাটি অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছিল। পাশাপাশি সেপটিক ট্যাংকের ঢাকনাগুলোও প্রায় সময় খোলা রাখা হতো। আজ খেলতে গিয়ে আমার ভাতিজা ওই ঢাকনাবিহীন ট্যাংকে পড়ে মারা গেছে। সামান্য অসতর্কতার কারণে একটি শিশুর প্রাণ চলে গেল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এ মুহূর্তে আপনার কাছ থেকেই ঘটনাটি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/এসডব্লিউএন