ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

প্রথমবারের মতো এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

প্রথমবারের মতো এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক

প্রথমবারের মতো এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

অস্ট্রেলিয়া সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধের মামলা করার কথা বিবেচনা করছে।

এআই মডেলগুলোর মাধ্যমে কোনো ক্ষতিকর কাজ প্রতিরোধে ব্যর্থ হলে কোম্পানিগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হতে পারে। গত সেপ্টেম্বরে ‘ওপেনএআই’ সিস্টেম ব্যবহার করে মেডিকেয়ার পরিসংখ্যান পোর্টাল হ্যাক হওয়ার ঘটনার পর সরকার এমন পদক্ষেপ নিতে যাচ্ছে।


নতুন এই নিয়মের আওতায় এআইয়ের ক্ষতিকর ব্যবহারের জন্য টেক কোম্পানিগুলোকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হতে পারে। একই সঙ্গে একটি এআই নিরাপত্তা নজরদারি সংস্থা (ওয়াচডগ) গঠনের কথাও ভাবা হচ্ছে, যাদের বড় অঙ্কের জরিমানা করার ক্ষমতা থাকবে।


এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘আইনকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং কিছু ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে এটি খুব দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে।’ তবে এ বিষয়ে এআই কোম্পানি অ্যানথ্রপিক, গুগল বা মেটা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ওপেনএআইয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা সরকারের এই প্রস্তাবগুলো পর্যালোচনা করে দেখছে।


গত সেপ্টেম্বরে যখন মেডিকেয়ার হ্যাকের ঘটনা ঘটে, তখন প্রধানমন্ত্রী আলবানিজ বলেছিলেন, এ ঘটনায় কোনো অপরাধ হয়েছে কি না এবং বিষয়টি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) কাছে পাঠানো উচিত কি না, সে বিষয়ে সরকার জরুরি পরামর্শ নেবে। তবে সম্প্রতি এএফপি এক সংসদীয় কমিটিকে জানিয়েছে যে তারা এখনো এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি এবং তদন্তও শুরু করেনি।


প্রধানমন্ত্রী আলবানিজ জানান, সরকার এই হ্যাকের ঘটনা পর্যালোচনার পর দেওয়া সমস্ত সুপারিশ গ্রহণ করেছে। এর মধ্যে একটি সুপারিশ ছিল এআইয়ের নিরাপত্তা বাড়াতে ফৌজদারি আইনে সংস্কার আনা। এ ক্ষেত্রে এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে ‘প্রতিরোধে ব্যর্থতা’র দায়ে মামলা করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, এআইয়ের নিরাপত্তা মান লঙ্ঘন করলে বড় ধরনের জরিমানার বিষয়টিও আলোচনায় রয়েছে।


অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, ‘ওপেনএআইয়ের এই হ্যাকের ঘটনা সরকারকে ফৌজদারি দায়বদ্ধতার বিষয়ে আইন স্পষ্ট করতে বাধ্য করেছে।’ তিনি আরও বলেন, ‘কারও পক্ষে এমন যুক্তি দেওয়া ঠিক হবে না যে তিনি জানতেন না কম্পিউটারটি লোড করা ছিল।’


মোনাশ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মাইকেল ডাফি মনে করেন, এআইয়ের কারণে হওয়া ক্ষতি মোকাবিলায় ফৌজদারি দায়বদ্ধতা এবং দেওয়ানি প্রতিকার- দুটিই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘সরকার এখন এআই থেকে সম্ভাব্য ক্ষতির বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করছে, যা বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে।’ তবে তিনি সতর্ক করে বলেন, ‘এই ক্ষেত্রটি খুব একটা সহজ হবে না। বিশেষ করে ক্ষতি আগে থেকে অনুমান করা সম্ভব ছিল কি না এবং কার দোষ ছিল, তা প্রমাণ করা কঠিন হতে পারে।’


ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির অধ্যাপক এড সান্টো বলেন, ফৌজদারি শাস্তির পাশাপাশি দেওয়ানি প্রতিকারগুলোও বেশ কার্যকর হতে পারে। এর ফলে যেসব কোম্পানি তাদের নিরাপত্তার বাধ্যবাধকতা মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের হাতে আরও বেশি উপায় থাকবে। তিনি একে কর্মস্থলের নিরাপত্তার সঙ্গে তুলনা করে বলেন, ‘অযৌক্তিক আচরণের জন্য দেওয়ানি শাস্তি দেওয়া যেতে পারে। আর যদি কেউ কারও নিরাপত্তার বিষয়ে বেপরোয়া হয়ে কাজ করে, তবে সে ক্ষেত্রে ফৌজদারি অভিযোগ আনা যেতে পারে।’


সূত্র: এবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন