বিবিধ
মধ্যপ্রাচ্যে প্রবেশ করতে যাচ্ছে একটি নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যাটল স্ট্রাইক গ্রুপ!

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই এবার নতুন করে ভারত মহাসাগরে প্রবেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট (সিভিএন-৭১)। নিমিটজ ক্লাসের এই সুবিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ-৯-এর নেতৃত্ব দিচ্ছে।
মূলত সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটিতে মাত্র তিন দিনের সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে এটি সেখান থেকে রওনা হয়। এটি আগামী ১৬ নভেম্বরের মধ্যে উত্তর আরব সাগরে পৌঁছাতে পারে। এছাড়া এর সঙ্গে রয়েছে ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস চোসিন এবং দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার- ইউএসএস পল হ্যামিলটন ও ইউএসএস ডিকাটুর।
বর্তমানে ইউএস নেভির হাতে রয়েছে মোট ১১টি সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার। এর মধ্যে ১০টি নিমিৎজ-ক্লাস এবং ১টি ফোর্ড-ক্লাস সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার। এর পাশাপাশি আরও রয়েছে ৯টি লাইট/হেলিকপ্টার ক্যারিয়ার ও অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ এবং বিশেষ মিশনের জন্য অন্তত ২টি অ্যাম্ফিবিয়াস কমান্ড শিপ।
বর্তমানে সারা বিশ্বে মোট প্রায় ১৫টি দেশ সক্রিয়ভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরি অপারেট করে। তবে বাস্তবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, চীন এবং ভারতের নৌবাহিনীর হাতে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে পূর্ণাঙ্গ ফিক্সড-উইং কমব্যাট এয়ারক্রাফট পরিচালনা করার উপযোগী করে ডিজাইন ও তৈরি করা হয়েছে।
এই ৬টি দেশ ব্যতীত অন্য দেশগুলো- যেমন তুরস্ক, জাপান, স্পেন, ইতালি, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, মিশর এবং অতি সম্প্রতি যুক্ত হওয়া ইন্দোনেশিয়ার মতো দেশগুলো অনেকটা ছোট আকারের এবং কম সক্ষমতার লাইট/হেলিকপ্টার ক্যারিয়ার কিংবা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ অপারেট করে।
অবশ্য এই জাতীয় লাইট এয়ারক্রাফট ক্যারিয়ারে হেলিকপ্টারের পাশাপাশি আমেরিকার তৈরি এফ-৩৫বি সিরিজের অ্যাডভান্সড শর্ট টেকঅফ অ্যান্ড ভার্টিক্যাল ল্যান্ডিং (STOVL/VTOL) যুদ্ধবিমান পরিচালনা করা সম্ভব। তবে সব দেশের হাতে এই জাতীয় শক্তিশালী যুদ্ধবিমান নেই।
নেভাল পাওয়ারের সংখ্যার দিক দিয়ে চীন বর্তমানে শীর্ষ স্থানে উঠে এলেও বাস্তবে শক্তিশালী নেভাল ফ্লিট এবং এয়ারক্রাফট ক্যারিয়ারের সক্ষমতার বিবেচনায় মহাসাগরের বুকে এখনো রাজত্ব করে বেড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি সুপার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো। যদিও সম্প্রতি ইরানের সাথে সংঘাতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এই মার্কিন ক্যারিয়ারগুলো।
এদিকে এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহারের দিক দিয়ে আমেরিকার পর চীনের নাম এলেও দেশটির নৌবাহিনীর হাতে ৩টি কনভেনশনাল পাওয়ার বা প্রচলিত জ্বালানিনির্ভর এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। তবে মনে করা হয়, চীন আগামী ২০৩০ সালের মধ্যে নিজস্ব প্রযুক্তির তৈরি প্রথম কোনো নিউক্লিয়ার পাওয়ারড সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার সার্ভিসে আনতে পারে।
পারমাণবিক শক্তিচালিত সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে আমেরিকার পর একমাত্র ব্যবহারকারী দেশ হচ্ছে ফ্রান্স। বর্তমানে ফ্রান্সের নৌবাহিনীতে ১টি 'চার্লস দ্য গল' নামক (CATOBAR) নিউক্লিয়ার পাওয়ারড সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেশনাল রয়েছে। তা ছাড়া দেশটি আগামী ২০৩৮ সালের মধ্যে নতুন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার সার্ভিসে আনতে চায়।
এছাড়াও বর্তমানে ভারত ও যুক্তরাজ্যের নৌবাহিনীতে ২টি করে (কুইন এলিজাবেথ-ক্লাস) এবং রাশিয়ার নৌবাহিনীতে ১টি (অ্যাডমিরাল কুজনেটসভ) পুরোনো কনভেনশনাল পাওয়ারড ফিক্সড উইংস এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। তবে রাশিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ারটি কয়েক বছর আগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে, যা অনেকটাই আউট অব সার্ভিস বলা চলে।
এই দেশগুলোর পাশাপাশি ইতালি বর্তমানে তাদের ফ্ল্যাগশিপ রণতরি 'ক্যাভুর' (STOVL) অপারেট করছে। ইতালির নৌবাহিনীতে থাকা ৪১ বছরের পুরোনো অপর লাইট ক্যারিয়ার আইটিএস জুসেপ্পে গ্যারিবাল্ডি (ITS Giuseppe Garibaldi) ২০২৪ সালে অবসরে যাওয়ার পর ২০২৬ সালের সেপ্টেম্বরে সেটি ইন্দোনেশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বর্তমানে এটি 'কেআরআই শ্রীবিজয়া-১০০' (KRI Sriwijaya-100) নামে ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়ে দেশটির ইতিহাসের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ারের মর্যাদা পেয়েছে। এর মাধ্যমে থাইল্যান্ডের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়া এই বিশেষ নেভাল ক্যারিয়ার অপারেটর ক্লাবে প্রবেশ করল।
অন্যান্য দেশের মধ্যে জাপান বর্তমানে ২টি 'আইজুমো' ও 'কাগা' লাইট ক্যারিয়ার অপারেট করে, যাকে জাপান এফ-৩৫বি সিরিজের (STOVL) যুদ্ধবিমান ব্যবহারের উপযোগী করে মডিফাইড করেছে।
এর পাশাপাশি স্পেনের নৌবাহিনীতে ১টি, দক্ষিণ কোরিয়ার ২টি, অস্ট্রেলিয়ার ২টি, থাইল্যান্ডের ১টি, মিশরের ২টি এবং তুরস্কের নৌবাহিনীতে ১টি নিজস্ব প্রযুক্তির লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার/হেলিকপ্টার ক্যারিয়ার বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ অপারেশনাল রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স, জেনস ডিফেন্স, উইকিপিডিয়া, নেভাল টেকনোলজি, আল জাজিরা।
ডিবিসি/এসভিএন