সারা বাংলা
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় ২ স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক

মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার চেষ্টার সময় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে স্মৃতিস্তম্ভের পেছন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) ও শিশুবাগান পাড়ার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন (১৯)।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জামিনুর রহমান খান জানান, শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ডিবি ও সদর থানা পুলিশের একটি দল টহলরত অবস্থায় ছিল। রাত ৮টার দিকে কলেজের বাউন্ডারি টপকে পেছন দিক থেকে প্রবেশ করেন স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী আকাশ ও শাওন।
তিনি জানান, তারা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা চালান। এ সময় পুলিশের টহলরত ওই দলটি তাদের ধাওয়া করে। একপর্যায়ে দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের নামে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ডিবিসি/এসডব্লিউএন