আন্তর্জাতিক
আর কোনো অজুহাত নয়, গাজার সব সীমান্ত খুলে দিন: জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান

গাজায় শীতকালীন ত্রাণ সরবরাহে বিলম্ব ও বাধা দেওয়ার তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার। আন্তর্জাতিক সম্প্রদায়ের গড়িমসি ও ইসরায়েলি সরকারের অজুহাতের কড়া জবাব দিয়ে তিনি বলেছেন, ‘আর কোনো অজুহাত নয়, গাজার সব সীমান্ত পারাপার খুলে দিন।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ফ্লেচার ক্ষোভ প্রকাশ করে বলেন, গাজায় মানবিক সাহায্য সমর্থনকারী বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে আশ্বাস দিয়েছিলেন যে তারা সহায়তা বাড়াতে চান। তবে তারা বারবার বলছিলেন যে ইসরায়েলের নির্বাচনের আগে অগ্রগতি কঠিন হবে। আর এখন বলা হচ্ছে, সেখানে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে।
এ ধরনের গড়িমসিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে জাতিসংঘের এই মানবিক প্রধান বলেন, ‘এটি কোনো গ্রহণযোগ্য অজুহাত হতে পারে পারে না। বিলম্ব, অবরোধ ও অর্থায়নে কাটছাঁটের কারণে গাজার লাখ লাখ মানুষ যে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এবং এর ফলে আন্তর্জাতিক আইনের যে লঙ্ঘন হচ্ছে, তা তিনি স্মরণ করিয়ে দেন।
সম্প্রতি গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে মানবিক বিপর্যয় আরও কয়েক গুণ বেড়ে গেছে। ইউনিসেফ-এর তথ্যমতে, গত কয়েক দিনের বৃষ্টি ও বন্যায় গাজার অন্তত ১ লাখ ৬ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাবু পানির নিচে তলিয়ে গেছে এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ে ক্যাম্পগুলোর ভেতর নোংরা পানি উপচে পড়ছে।
এই পরিস্থিতিকে মানুষের তৈরি বিপর্যয় উল্লেখ করে টম ফ্লেচার বলেন, ‘যা সবচেয়ে বেশি ক্ষোভের জন্ম দেয় তা হলো উপযুক্ত আশ্রয় থাকলে যে আবহাওয়া কোনো হুমকিই হতো না, আজ সেই আবহাওয়ার কারণে মানুষ চরম ঝুঁকিতে পড়েছে। আমরা যদি উপযুক্ত তাবু এবং শীতকালীন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে পারতাম, তবে এই পরিস্থিতি তৈরি হতো না।’
বিশ্বের ক্ষমতাধর দেশ ও ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আর কোনো বিলম্ব নয়। কেবল একটি নয়, গাজার সবগুলো সীমান্ত ক্রসিং খুলে দিন। আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) কাজ করতে দিন। বাণিজ্যিক বাজারগুলো সচল হতে দিন। এই সামষ্টিক শাস্তি বন্ধ করুন। মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন করুন।’
ডিবিসি/এসডব্লিউএন