আন্তর্জাতিক
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

গত এপ্রিলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) আর্জেন্টিনার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পাল্টা পদক্ষেপ হিসেবে এবার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে তেহরান। বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘পারস্পরিক আচরণের নীতি’ বা রেসিপ্রোসিটির ওপর ভিত্তি করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণার ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য আর্জেন্টিনা সরকারকে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে বলেও সতর্ক করেছে তেহরান। তবে বিবৃতিতে ইরানের পক্ষ থেকে আর্জেন্টিনার সেনাবাহিনীর কোনো উল্লেখ করা হয়নি। অন্যদিকে, বুধবারই এক পাল্টা বিবৃতিতে ইরানের এই সিদ্ধান্তকে ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান’ করেছে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়।
মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে গত এপ্রিলে ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছিল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের অভিযোগ ছিল, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সমর্থন জোগায় আইআরজিসি। ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে এএমআইএ (AMIA) ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে থাকে দেশটি। আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ওই হামলায় ৮৫ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছিল।
সূত্র: রয়টার্স
ডিবিসি/পিআরএএন