আন্তর্জাতিক, আরব
মক্কার সাবুহায় আছড়ে পড়ল হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সৌদি আরবের মক্কা অঞ্চলের সাবুহা গ্রামে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই ক্ষেপণাস্ত্র দুটিকে আটকে ধ্বংস করে দেওয়ার পর এর টুকরোগুলো ওই গ্রামে গিয়ে পড়ে।
এর পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আরও একটি ড্রোন সফলভাবে আটকে দিয়ে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর আগে বুধবারও জোটের পক্ষ থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ধ্বংস করার কথা জানানো হয়েছিল। ওই দিন তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রিয়াদ অঞ্চলের দিকে ধেয়ে আসার সময় এবং দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিম সৌদি আরবে ধ্বংস করা হয়। এছাড়া মক্কা ও দক্ষিণাঞ্চলে ধ্বংস করা হয় আরও দুটি ড্রোন।
সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে নতুন করে সংঘাত ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই জের ধরে হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। অন্যদিকে এর জবাবে ইয়েমেনে হুথিদের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালাচ্ছে সৌদি জোট।
সূত্র: আনাদোলু
ডিবিসি/পিআরএএন