সারা বাংলা
বন্ড সুবিধার বদলে সব সুতা-কাপড় আমদানিতে ব্যাংক গ্যারান্টি চায় বিটিএমএ

দেশের টেক্সটাইল ও স্পিনিং শিল্পের স্বার্থ রক্ষায় সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। একই সঙ্গে এই ব্যবস্থা কার্যকর করতে ব্যাংক গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সহজ করা এবং আমদানির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করার জোর দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
বাংলাদেশ সচিবালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ দাবি তুলে ধরে বিটিএমএ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, এনবিআর চেয়ারম্যানসহ অর্থ, বাণিজ্য ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। এছাড়া বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ-এর শীর্ষ নেতারা সভায় অংশ নেন।
সভায় বিটিএমএ’র প্রতিনিধিরা ব্যবসা পরিচালনা আরও সহজ ও গতিশীল করার ওপর জোর দেন। বন্ড সুবিধার বিকল্প হিসেবে ব্যাংক গ্যারান্টির প্রস্তাবের পাশাপাশি তারা রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) বরাদ্দে সমতা প্রতিষ্ঠা, তহবিলের আকার বৃদ্ধি এবং পার্টি অ্যাকসেপ্ট্যান্স প্রদানের প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দেন। সংগঠনের নেতারা জানান, দেশীয় শিল্পের উৎপাদন সক্ষমতা, বিনিয়োগ এবং কর্মসংস্থান সুরক্ষায় এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিসংক্রান্ত বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থার বিষয়টি বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে।
তাই বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিয়মে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় এবং তা অপরিবর্তিত থাকবে। তবে বিটিএমএ-এর পক্ষ থেকে উত্থাপিত সুতা ও কাপড় আমদানির নতুন প্রস্তাব এবং অন্যান্য দাবিগুলো সার্বিক দিক পর্যালোচনা করে সরকার বিবেচনা করবে বলে সভায় আশ্বাস দেওয়া হয়েছে।
ডিবিসি/এমএনকে