ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর আগের অবস্থায় হরমুজ প্রণালি আর কখনোই ফিরে যাবে না বলে কড়া বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে আট মাস ধরে চলা এই যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের কাছে সাত দফা শর্ত তুলে ধরেছে তেহরান। বুধবার সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা জানান।

হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের একটি নতুন সমঝোতা হয়েছে বলে জানান গালিবাফ। তিনি স্পষ্ট করে বলেন, ওই অঞ্চলে কোনো ‘উন্মুক্ত জলসীমা’ বা আন্তর্জাতিক জলসীমা নেই এবং ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও সেখানে প্রযোজ্য নয়। এর পরিবর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথের ভেতরের সব নিয়মকানুন এর দুই তীরবর্তী দেশ ইরান ও ওমানের নিজস্ব আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।

 

কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের সাত দফা শর্তের কথা এরই মধ্যে পৌঁছে দিয়েছে ইরান। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তারা। ইরানের প্রধান আলোচকের দেওয়া তথ্যমতে, এসব শর্তের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ও যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছাড় দেওয়া, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘোষণা করা। গালিবাফ জানান, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবেই এই দাবিগুলো তোলা হয়েছে। যুক্তরাষ্ট্র যদি অবিশ্বাস তৈরি না করে এবং নতুন কোনো শর্ত জুড়ে না দিয়ে পূর্ববর্তী সমঝোতায় স্থির থাকে, তবে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থার অভাবকে দায়ী করেন তিনি।

 

সাক্ষাৎকারে গালিবাফ আরও জানান, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য মার্কিন কর্মকর্তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন। নতুন করে মার্কিন হামলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নিলে তাকে আবারও পরাজয়ের মুখে পড়তে হবে এবং আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও তিনি রাজনৈতিক চাপের সম্মুখীন হবেন। ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অস্থিতিশীল অবস্থা থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ এবং এ জন্য তারা সামরিক ও দীর্ঘস্থায়ী প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার ওপর জোর দিচ্ছে।

 

সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকার এবং হুতিদের মধ্যকার চলমান সংঘাত নিয়েও কথা বলেন গালিবাফ। ইরান-সমর্থিত হুতি বা আনসারুল্লাহ গোষ্ঠীর বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি। তবে সৌদি আরব এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার—উভয় পক্ষ যদি সাহায্য চায়, তবে তাদের মধ্যকার সংঘাত নিরসনে ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন