ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুমিল্লায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুমিল্লায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সারা বাংলা

কুমিল্লায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ওই ব্যক্তি সীমান্ত এলাকার একটি সক্রিয় চোরাকারবারি চক্রের অন্যতম প্রধান হোতা।

গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকার ইছারপুল ব্রিজের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মেহেদী হাসান (২৬)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলা (রহিমপুর, মধ্যপাড়া) গ্রামের খোকন মিয়া ও হনুফা খাতুনের ছেলে।

 

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ১১ নভেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল নারায়ণপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৭/২-এস নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল ব্রিজের ওপর অবস্থান করছিলেন মেহেদী। অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করায় তাঁকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে চক্রের অন্য অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, তিনি সীমান্তবর্তী এলাকার একটি চোরাকারবারি গ্রুপের অন্যতম হোতা।’

 

পালিয়ে যাওয়া অন্য অপরাধীদের ধরতে এবং সীমান্ত এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন