আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধ বাধলে ইউরোপের সামরিক ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো মার্কিন আক্রমণ শুরু হলে ইউরোপের সামরিক ঘাঁটিতেও হামলা চালাতে পারে তেহরান। বুধবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের ওপর হামলায় জড়িত যেকোনো সামরিক ঘাঁটিকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে এবং এই পরিধি পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। ওই বার্তায় তিনি উল্লেখ করেন, "কোনো নিরাপদ দূরত্ব নেই, কোনো নিরাপদ আশ্রয় নেই এবং কেউ দায়মুক্তি পাবে না।"
মহসেন রেজাইয়ের এই বার্তার আগে বুধবারই ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান কিউমার্স হেইদারিও একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুন করে আক্রান্ত হলে ইরান নিজ অঞ্চলের বাইরেও হামলা চালাতে প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, মার্কিন ঘাঁটি এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতার মধ্যেই রয়েছে। পাশাপাশি যেসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর বিমান হামলার সুযোগ দেবে, তাদেরও পাল্টা প্রতিশোধমূলক হামলার সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আক্রমণ শুরু হওয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৮ জুন পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়ন নিয়ে এখনো ব্যাপক মতানৈক্য রয়েছে। বিশেষ করে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা, নৌ অবরোধ এবং হরমুজ প্রণালির নিরাপত্তা ব্যবস্থার মতো অমীমাংসিত বিষয়গুলোর কারণে এই যুদ্ধ অবসানের প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত হচ্ছে।
সূত্র: আনাদোলু
ডিবিসি/পিআরএএন