আন্তর্জাতিক, ভারত
ভারতের কেরালার ঘটনা
হিন্দু নারীর শেষকৃত্য করলেন মুসলিম ২ ভাই

ভালোবাসার কোনো ধর্ম হয় না, আর মাতৃত্বের কোনো বিভেদ নেই ভারতের কেরালার ওয়ানাডে আরও একবার প্রমাণিত হলো এই চিরন্তন সত্য। প্রায় পাঁচ দশক ধরে এক হিন্দু বৃদ্ধাকে নিজের মায়ের মতো লালন-পালন করার পর, পরম শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করলেন দুই মুসলিম ভাই রাজাক ও সুলাইমান। সম্প্রীতির এই অনন্য নজির ছুঁয়ে গেছে গোটা দেশের মানুষের হৃদয়।
জানা যায়, ওয়ানাডের মুত্তামে বসবাসকারী রাজাক ও সুলাইমানের পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন কল্যাণী আম্মা নামের এক বৃদ্ধা। সম্প্রতি ৮৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। হিন্দু ধর্মাবলম্বী এই বৃদ্ধার শেষ ইচ্ছা অনুযায়ী সম্পূর্ণ রীতি মেনেই তাঁর অন্তিম সংস্কার করেন দুই ভাই।
রাজাক জানান, তাঁর বয়স যখন মাত্র দুই বছর, তখন থেকেই কল্যাণী আম্মা তাঁদের পরিবারের সঙ্গে যুক্ত। বৃদ্ধ বয়সে একবার অগ্নিদগ্ধও হয়েছিলেন তিনি। তবে তাঁর চিকিৎসায় বা যত্নে কোনো ত্রুটি রাখেনি পরিবারটি। রাজাকের বাড়িতেই তিনি থাকতেন এবং পরিবারের সদস্যরাই তাঁর সেবা-শুশ্রূষার সব দায়িত্ব পালন করেন।
রাজাকের স্ত্রীর কথায়, ‘কল্যাণী আম্মার উপস্থিতি আমাদের পরিবারের জন্য ছিল আশীর্বাদস্বরূপ। অসুস্থতার সময় তাঁর সেবা করা আমাদের কাছে কখনোই বোঝা মনে হয়নি।’ পরিবারের সব উৎসব তারা একসঙ্গেই উদযাপন করতেন বলে জানান তিনি। রাজাক আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘উনি আমাদের কাছে জন্মদাত্রী মায়ের মতোই। পৃথিবীতে উনার আর কেউ ছিল না বলে আমরা কেবল আমাদের সন্তানের দায়িত্বটুকু পালন করেছি মাত্র।’
এই ঘটনায় মুগ্ধ কেরালার বিশিষ্ট রাজনৈতিক নেতা ভি ডি সতীশান। তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এটাই আমার চেনা কেরালা, যাকে আমি ভালোবাসি। এখানে মায়ের ভালোবাসা কিংবা ছেলের কর্তব্যের মাঝে কোনো ধর্মের ভেদাভেদ নেই। শোক ও ভালোবাসা সবার জন্য সমান।’
তিনি আরও বলেন, ভালোবাসার কোনো ধর্ম নেই-কেরালার এই সম্প্রীতির মহান চেতনা আজ গোটা ভারতকে অনুপ্রাণিত করবে। বিভেদের যুগে রাজাক ও সুলাইমানদের এই ভালোবাসা যেন মানবতারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সূত্র: মাকতুব মিডিয়া
ডিবিসি/এমএনকে