সারা বাংলা
নওগাঁয় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় কাতারপ্রবাসী আব্দুর ওহাবের ইজারা নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। মাছ মরে ভেসে ওঠার পর পুকুরপাড়ে বসে আহাজারি করছেন তার বাবা মতিউর রহমান। ছেলের প্রবাসে কষ্টার্জিত টাকায় মাছ চাষের স্বপ্ন এভাবে শেষ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী আব্দুর ওহাবের পাঠানো অর্থ দিয়ে তার বাবা মতিউর রহমান তিন বছরের জন্য আতাউর রাজ্জাকের কাছ থেকে একটি পুকুর ইজারা নেন। পুকুরটি ইজারা নেওয়ার পর থেকেই পার্শ্ববর্তী সাদেকুল ইসলামের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময় হুমকি ও হয়রানি করা হচ্ছিল বলেও অভিযোগ করেন মতিউর রহমান।
মতিউর রহমানের অভিযোগ, গত ১১ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিটে অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করেন। এতে পুকুরের প্রায় ১২০ মণ মাছ মারা গিয়ে পানিতে ভেসে ওঠে। এ ঘটনায় তার প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় সাদেকুল ইসলাম ও তার ছেলে তাহের উদ্দিনের নাম উল্লেখ করে আরও দুই-তিনজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মতিউর রহমান (৬১)।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ডিবিসি/এসডব্লিউএন