ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসকসহ নিহত ৬

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসকসহ নিহত ৬

আন্তর্জাতিক, আরব

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসকসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই নভেম্বর ২০২৬ ০৩:৫৭:০২ অপরাহ্ন

ফিলিস্তিনের দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে হাসপাতালের একজন শল্যচিকিৎসকও রয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে হাসপাতালের একটি ভবনে এ হামলা চালানো হয়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ইসরায়েলি হামলায় হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবনটির বিভিন্ন অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। নিহত চিকিৎসকের নাম রেজিক আবুশিরা।


ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হাসপাতালের ভেতরে অবস্থান করা হামাসের সশস্ত্র শাখার একজন জ্যেষ্ঠ সদস্য ও অন্য সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামাস হাসপাতাল চত্বরকে সামরিক কার্যক্রমের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে। সেখানে অস্ত্র মজুত, সামরিক যোগাযোগকেন্দ্র পরিচালনা এবং পর্যবেক্ষণ চৌকি ও যোদ্ধাদের আশ্রয়স্থল হিসেবে হাসপাতালের বিভিন্ন স্থাপনা ব্যবহারের অভিযোগও করেছে ইসরায়েল। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।


হামাসের এক মুখপাত্র এ হামলার নিন্দা জানিয়ে একে সরাসরি যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।


এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, এ সময়ে তাদের চার সেনা নিহত হয়েছেন।


২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন