ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কক্সবাজারে পৃথক অভিযানে প্রায় ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারে পৃথক অভিযানে প্রায় ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

সারা বাংলা

কক্সবাজারে পৃথক অভিযানে প্রায় ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৯ কোটি ৮৩ লাখ টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিজিবির ৬৪ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য জানান।

 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জেলেপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় চালান আসার খবরে বিজিবি অবস্থান নেয়। নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে আসা একটি নৌকা কেওড়া বনে ভেড়ার পর মাদক কারবারিরা বস্তা পানিতে নামিয়ে বাঁধ পার হওয়ার প্রস্তুতি নেয়। এ সময় বিজিবির একটি দল স্পিডবোট নিয়ে এগোলে কারবারিরা অতর্কিত গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়লে তারা বস্তা ফেলে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০টি বস্তায় ভাসমান অবস্থায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

একই দিন রাত ১১টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (১৮) নামের এক কারবারিকে আটক করা হয়। তিনি স্থানীয় মো. সিদ্দিকের ছেলে।

 

অপরদিকে, একই রাতে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশির সময় ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মোহাম্মদ হোসাইন (২০) নামের একজনকে আটক করা হয়। তিনি চকরিয়া পৌরসভার পূর্ব পালাকাটা এলাকার মোহাম্মদ আলমের ছেলে।

 

বিজিবি অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, পৃথক তিনটি অভিযানে মোট ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৯ কোটি ৮৩ লাখ টাকা। এসব ঘটনায় টেকনাফ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন