বাংলাদেশ, সারা বাংলা
বরিশালে গরু চোর সন্দেহে ৩ জনকে আটকে পুলিশে সোপর্দ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত এলাকাবাসী একটি বসতঘর ও একটি গোয়ালঘরে অগ্নিসংযোগ করে। এতে ওই দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের জনৈক আজিজ মীরার (৬৫) গোয়ালঘর থেকে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি চোরাই গরু উদ্ধার করে স্থানীয় কতিপয় ব্যক্তি। এ সময় আজিজ মীরা ও তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হন ওই ব্যক্তিরা। উপায়ান্তর না পেয়ে আজিজ মীরার পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে প্রাণ বাঁচাতে সাহায্য চান। জরুরি সেবা নম্বর থেকে ফোন পেয়ে স্থানীয় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঘটনাস্থলে আসেন।
শাহজিরা গ্রামের বাসিন্দা মৃত নাজিম আলী শিকদারের ছেলে আদম আলী শিকদার জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাদের এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। যে কারণে বুধবার দিবাগত রাত তিনটা পর্যন্ত তিনি তার গোয়ালঘর পাহারা দিয়েছেন। পরে তিনি ঘুমিয়ে পড়েন। কিছু সময় পর গোয়ালঘরে গিয়ে তিনি গরু দেখতে না পেয়ে রাতেই গরু খুঁজতে বের হন।
আদম আলী শিকদার বলেন, রাতে বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ দেখা যাচ্ছিল। ওই পায়ের ছাপ অনুসরণ করে তিনি একই গ্রামের আজিজ মীরার বাড়ির দিকে যান। সেখানে আজিজ মীরাকে ডেকে গরু পালার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি গরু পালন করেন না বলে জানান। পরে তার (আজিজ) গোয়ালঘরে গরুর শব্দ পেয়ে সেখানে গিয়ে আদম আলী তার গরুটি শনাক্ত করেন।
স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে শাহজিরা, সাকোকাঠি, উজিরপুর ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে করে গরুর খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শাহজিরা গ্রামের বাসিন্দা মৃত ওসমান খানের ছেলে নাসির খান অভিযোগ করেন, তার একটি গরু গত ১০ দিন পূর্বে হারিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তিনি আজিজ মীরার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে সেখানে যান। পরবর্তীতে আজিজ মীরার গোয়ালঘরের পাশে গোবরের গাদা থেকে গরুর রশি ও তার গরুর চামড়ার অংশ দেখতে পান। নাসির খান ধারণা করছেন, তার গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে। উভয় ঘটনা সকালে এলাকায় ছড়িয়ে পড়লে পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রমতে, আজিজ মীরাকে জনতার হাতে ছেড়ে দেয়ার জন্য উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী সকাল সাতটার দিকে আজিজ মীরার গোয়ালঘরে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও পার্শ্ববর্তী আগরপুর তদন্ত কেন্দ্রের একদল পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে গরু চুরির অভিযোগে আজিজ মীরা, তার শ্যালকের পুত্র এবং গৌরনদীর গোবর্দ্ধন বড়বাড়ি এলাকার বাসিন্দা সাকিল হোসেন ও আগরপুর এলাকা থেকে নয়ন শিকদার নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয়রা আরও জানিয়েছেন, পুলিশ আটক ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরপরই সকাল ১০টার দিকে কতিপয় ব্যক্তি আজিজ মীরার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ফের ঘটনাস্থলে আসার পূর্বেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। অগ্নিসংযোগে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আটক ব্যক্তিরা গরু চুরির সঙ্গে জড়িত রয়েছে কি না এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
ডিবিসি/এসভিএন