ডিবিসি নিউজdbcnews.tv

চাকরি, সারা বাংলা

যশোরে ইসলামী ব্যাংকের ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, চারজনের কারাদণ্ড

যশোরে ইসলামী ব্যাংকের ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, চারজনের কারাদণ্ড

চাকরি, সারা বাংলা

যশোরে ইসলামী ব্যাংকের ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, চারজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার যশোর

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যশোরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শাখা থেকে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের দুই সাবেক কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার বাসিন্দা জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক, ইসলামী ব্যাংক যশোর শাখার চাকরিচ্যুত সিনিয়র অফিসার ও বিনিয়োগ কর্মকর্তা শেখ জামিল আহমেদ এবং চাকরিচ্যুত গুদামরক্ষক মোয়াজ্জেম হোসেন

 

আদালত আসামি এনামুল হক ও জিয়াউল হককে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রতিটি ধারায় দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

 

অন্যদিকে, ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে দণ্ডবিধি ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের বিভিন্ন ধারার কারাদণ্ড একই সঙ্গে কার্যকর হবে। আত্মসাৎকৃত ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা দণ্ডপ্রাপ্ত শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায় করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না, তারা সবাই পলাতক রয়েছেন।

 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯১ থেকে ১৯৯২ সালের মধ্যে চট্টগ্রামের সম্পত্তি বন্ধক দেখিয়ে ও ভুয়া তথ্য ব্যবহার করে ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে বড় অংকের বিনিয়োগ সুবিধা নেওয়া হয়। পরবর্তীতে ব্যাংকের গুদামে টায়ার ও টিউব মজুত দেখানোর নামে ভুয়া বিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করা হয়। কিন্তু গুদামে নামমাত্র কিছু পণ্য রেখে অধিকাংশ অর্থ আত্মসাৎ করা হয়। পরবর্তীতে সুদ ও অন্যান্য পাওনাসহ আত্মসাৎ করা মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা।

 

এ ঘটনায় তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এম এ সোবহান বাদী হয়ে ২০০০ সালের ২১ মে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৩ সালের ২৮ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক আবদুল ওয়াদুদ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন