আন্তর্জাতিক, ভারত
ভারতের ঘটনা
টিভি দেখছিলেন দম্পতি, ঘরে ঢুকে পড়ল চিতাবাঘ!

ভারতের কর্ণাটক রাজ্যের একটি বাড়িতে টেলিভিশন দেখার সময় হঠাৎ ঢুকে পড়ে একটি চিতাবাঘ। এতে আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেন এক নারী। পরে বন বিভাগের প্রায় ছয় ঘণ্টার অভিযানে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করে আটক করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কর্ণাটকের তুমাকুরু জেলার কুনিগাল তালুকের হুলিয়ুরদুর্গের কাছে বান্দিগৌডানাপাল্যা গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িটির মালিক চিক্কামারিয়াপ্পা ও তার স্ত্রী নারাসাম্মা তখন ঘরে বসে টেলিভিশন দেখছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে গ্রাম ও আশপাশের এলাকায় চিতাবাঘটিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। ঘটনার দিন রাতে প্রথমে একটি বাড়ির বাইরে বেঁধে রাখা ছাগলের বাচ্চার ওপর হামলা চালিয়ে সেটিকে নিয়ে যায় প্রাণীটি। পরে খাবারের সন্ধানে ঢুকে পড়ে চিক্কামারিয়াপ্পার বাড়িতে।
চিতাবাঘটি ঘরে প্রবেশ করতেই আতঙ্কিত নারাসাম্মা দ্রুত বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দেন। এ সময় প্রাণীটি ঘরের একটি খাটের নিচে আশ্রয় নেয়।
খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযানে বেঙ্গালুরুর ব্যানারঘাট্টা থেকে অ্যানেসথেটিস্ট কিরণসহ বিশেষজ্ঞ দল অংশ নেয়। দীর্ঘ চেষ্টার পর চিতাবাঘটিকে ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্বস্তি ফিরেছে গ্রামবাসীর মধ্যে। তবে লোকালয়ে বন্য প্রাণীর বিচরণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল