সারা বাংলা
সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবির জিরো টলারেন্স নীতি

সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ এসব কথা বলেন।
লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন বলেন, সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সদর দপ্তরের নির্দেশে সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল কার্যক্রমের পাশাপাশি রাতে নজরদারি কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।
সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে ঘোরাফেরা করতে দেখলে কিংবা অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করলে দ্রুত বিজিবিকে অবহিত করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের সচেতনতাই সীমান্তকে আরও সুরক্ষিত রাখবে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, কোনো বিতর্কিত বা ফেরারি আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার করা হবে। দেশের সার্বভৌমত্ব ও জনগণের জানমাল রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এর আগে গত বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট ব্যাটালিয়নের মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এস এর মধ্যবর্তী স্থান দিয়ে শূন্য লাইন অতিক্রম করে প্রায় ১৫০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে আনারস বাগান এলাকায় প্রবেশ করেন দুই ভারতীয় নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।
এ সময় সেখানে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তাদের কাছ থেকে ১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, ২টি দা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধভাবে অস্ত্র ও গুলিসহ বাংলাদেশে প্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
ডিবিসি / এমকেএ