বাংলাদেশ, সারা বাংলা
৫০৩ উপজেলায় ১৫১ বেডের নতুন হাসপাতাল করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ৫০৩টি উপজেলায় নতুন করে ১৫১ বেডের হাসপাতাল তৈরি করা হবে। যার ফলে আমাদের দেশে যারা প্রান্তিক মানুষ, যারা গ্রামের থাকেন তারা যেন স্বাস্থ্য সেবা তাদের উপজেলা থেকেই পান। এবং আরো নিচে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবাকে আরো জোরদার করব, এতে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার গুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য উত্তরাধিকার সূত্রে যে বেহাল দশা পেয়েছি। আমরা সারা বাংলাদেশে একই চিত্র দেখতে পাচ্ছি, জনবল সংকট, যন্ত্রপাতি সব নষ্ট হয়ে আছে, যেখানে যন্ত্রপাতি আছে চালানোর মানুষ নেই, অনেক জায়গায় মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে কিন্তু কোন ক্যাম্পাস তৈরি করা হয়নি। এই যে উন্নয়নের নামে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে তা ঠিক করতে হলে পরিকল্পিত কার্যপ্রণালী দরকার।
এরপর বিকেলে তিনি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে হাসপাতালটিতে আগত রোগীদের জন্য ই এপোয়েনমেন্ট সেবা, অক্সিজেন প্লান্ট ও জ্বালানি গ্যাস সংযোগের উদ্বোধন করেন।
এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীন, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/ আরএফই