সারা বাংলা
চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: অটোরিকশা চালক নিহত, আহত ৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই পক্ষের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শাহজাহান (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সী বাড়ির বাসিন্দা।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে শাহজাহান ওই সংঘর্ষের মধ্যে পড়ে মারাত্মক হামলার শিকার হন। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাওয়া হলে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। এরপর পুনরায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, ঘটনাটি শাহরাস্তি উপজেলার হলেও নিহত ব্যক্তির মরদেহ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় পুলিশ সেখানে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি / এমকেএ