খেলাধুলা, ফুটবল
ফুটবল ছেড়ে এবার অভিনয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো

ফুটবল মাঠের পর এবার নতুন ক্যারিয়ারের পথে হাঁটছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেয়ার কয়েক দিন পরই তিনি জানিয়েছেন, তার প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’ এর শুটিং শুরু হয়েছে।
সম্প্রতি ৪১ বছর বয়সী আল নাসর ফরোয়ার্ড ইন্সটাগ্রামে এক পোস্টে ভক্তদের এই সুখবর দেন। তিনি লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো, ডে ওয়ানস-এর শুটিং শুরু হয়েছে। আরও অনেক কিছু আসছে!’
ফ্যাশন, আবাসন ও মিডিয়ার পর টেলিভিশন প্রযোজনায় পা রাখা পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকার ব্যবসার জগতে এটি একটি বড় পদক্ষেপ।
‘ডে ওয়ানস’ সিরিজটি মূলত ব্রিটিশ ফুটবল জগতের গল্প নিয়ে তৈরি একটি স্ক্রিপ্টেড ড্রামা। এখানে ফুটবলের পেছনের ব্যবসা, ক্ষমতার লড়াই, চুক্তি এবং একটি শীর্ষ ফুটবল এজেন্সির নানা দিক তুলে ধরা হবে।
এই সিরিজে স্ট্যানলি ডালটন নামের একজন হাই-প্রোফাইল ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ন্স’ খ্যাত অভিনেতা ড্যামিয়ান লুইস। সাবেক আর্সেনাল ও ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র্যাপার ডেভও এই প্রজেক্টের সাথে যুক্ত আছেন। ধারণা করা হচ্ছে, অঁরিকেও এই সিরিজে দেখা যাবে।
‘ডে ওয়ানস’ তৈরি করছে ইউআর•মার্ভ স্টুডিওস। এটি রোনালদো এবং ব্রিটিশ নির্মাতা ম্যাথিউ ভনের একটি স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান, যা ২০২৫ সালে তারা যৌথভাবে শুরু করেছিলেন। রোনালদো এই সিরিজের একজন নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন। পাশাপাশি এই সিরিজের মাধ্যমেই তার অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
ডিবিসি/এসভিএন