আন্তর্জাতিক
বদলা নিতে বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা

ইরানের সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা এর বদলা হিসেবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) হরমুজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে শত্রুদের হামলায় ওই টেলিযোগাযোগ টাওয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। এরই জেরে পাল্টা এই ব্যবস্থা নিল আইআরজিসি।
এ বিষয়ে আইআরজিসির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, 'আগ্রাসী শত্রুদের জন্য এটি একটি কঠোর সতর্কবার্তা। হরমুজ প্রণালিতে তাদের আকাশপথের উসকানি এবং তেল চোরাচালান এখনই বন্ধ করতে হবে। যদি এই ধরনের আইন লঙ্ঘন ও আগ্রাসন আবারও ঘটে, তবে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স যেকোনো সীমা অতিক্রম করে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।'
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসভিএন