সারা বাংলা
সরকারি নথিতে মৃত, নিজেকে ‘জীবিত’ প্রমাণে নির্বাচন অফিসে বৃদ্ধ কৃষক

কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা গেল, ষাটোর্ধ্ব কৃষক আব্দুল হক হাওলাদার সরকারি নথিতে মৃত। অথচ বাস্তবে তিনি পুরোপুরি সুস্থ ও জীবিত। এমন অদ্ভুত পরিস্থিতিতে নিজের ‘জীবিত থাকার’ প্রমাণ দিতে এখন উপজেলা নির্বাচন অফিসে ধরনা দিতে হচ্ছে তাকে।
ঘটনাটি ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের। ভুক্তভোগী আব্দুল হক হাওলাদার ওই গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডারে মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় কৃষক কার্ডের আবেদন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে এনআইডির তথ্য সংশোধনের জন্য রাজাপুর উপজেলা নির্বাচন অফিসে যান আব্দুল হক হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজাপুর সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কৃষক কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করে উপজেলা কৃষি অফিস। এ সময় আব্দুল হক হাওলাদারের এনআইডি নম্বর দিয়ে আবেদন করতে গেলে দেখা যায়, সরকারি তথ্যভান্ডারে তাঁকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা বিস্মিত হন। পরে উপজেলা নির্বাচন অফিসে খোঁজ নিলে সেখানেও একই তথ্য মেলে।
জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে মৃত অন্তর্ভুক্ত হওয়ায় কৃষক কার্ডের পাশাপাশি সরকারি ভাতা, ব্যাংকিং কার্যক্রমসহ বিভিন্ন নাগরিক সেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি। তথ্য হালনাগাদ বা মাঠ জরিপের সময় কারও গাফিলতিতে এমন ভুল হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নির্বাচন অফিসে এসে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে আব্দুল হক হাওলাদার বলেন, ‘আমি জ্যাতা (জীবিত) মানুষ, অথচ আমাকে মাইরা হালাইছে। এ মিথ্যা তথ্য কারা দিল? আমি তো মরি নাই, জ্যাতা আছি। স্যারদের সঙ্গে কথা বলব, আমাকে আবার জ্যাতা বানিয়ে দেন।’
আব্দুল হকের স্ত্রী মোসা. সাহেরা খাতুন বলেন, ‘আমার স্বামী বাস্তবে জীবিত, কিন্তু এনআইডি কার্ডে মৃত। আমরা আগে বুঝতে পারিনি। এখন এই ভুল সংশোধন করতে স্বামীকে নিয়ে নির্বাচন অফিসে আসলাম।’
তার নাতি মো. হাসনাত অভিযোগ করে বলেন, ‘মাঠ জরিপকারীরা আমাদের কাছে না এসেই মনগড়া তথ্য দিয়েছে। যার ভোগান্তি এখন আমাদের পোহাতে হচ্ছে। আজ নির্বাচন অফিসে এসে নানার আঙুলের ছাপ দিয়ে সংশোধনের আবেদন করেছি।’
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, ‘আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তি এনআইডিতে মৃত দেখানোর সমস্যা নিয়ে এসেছিলেন। তার হাতের আঙুলের ছাপ নিয়ে সংশোধনের আবেদন করা হয়েছে। দ্রুতই বিষয়টি ঠিক করে দেওয়া হবে।’
ডিবিসি/এইচডিআই