ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ

ডিলার নিয়োগে ডিজিটাল পদ্ধতি চালু করল টিসিবি, রমজানের আগেই শেষ করার লক্ষ্য

ডিলার নিয়োগে ডিজিটাল পদ্ধতি চালু করল টিসিবি, রমজানের আগেই শেষ করার লক্ষ্য

বাংলাদেশ

ডিলার নিয়োগে ডিজিটাল পদ্ধতি চালু করল টিসিবি, রমজানের আগেই শেষ করার লক্ষ্য

বাসস

ডিবিসি নিউজ

৪৪ মিনিট আগে

ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং আবেদনকারীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পদ্ধতি চালু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি আসন্ন পবিত্র রমজানের আগেই নতুন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ গণমাধ্যমকে জানান, আগে ডিলার নিয়োগের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হলেও এখন থেকে আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি তারা অনলাইনে তাদের আবেদনের অগ্রগতিও জানতে পারবেন। বর্তমানে বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

 

নতুন পদ্ধতিতে অনলাইনে জমা দেওয়া আবেদনগুলো সরাসরি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের দেওয়া তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই ও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রতিবেদন পরবর্তী মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

 

ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি কাজ করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির উপস্থিতিতে গঠিত এই কমিটি জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে।

 

টিসিবির চেয়ারম্যান জানান, ডিলার নিয়োগের অগ্রগতি অনেকটাই সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নির্ভর করছে। সব জেলার প্রতিবেদন এখনো না আসায় প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সংস্থাটির। বাকি নিয়োগও আগামী রমজানের আগেই শেষ করতে চায় টিসিবি।

 

প্রসঙ্গত, ২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের এই উদ্যোগ নেওয়া হয়। টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিলার নির্বাচনে তদারকি জোরদার করাই এর মূল লক্ষ্য। টিসিবি আশা করছে, অনলাইন আবেদন, মাঠপর্যায়ে তথ্য যাচাই এবং কমিটির মাধ্যমে মূল্যায়নের এই সমন্বিত উদ্যোগে ডিলার নিয়োগ আরও স্বচ্ছ হবে এবং রমজানের আগে পণ্য বিতরণ প্রস্তুতি আরও সুশৃঙ্খল হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন