ডিবিসি নিউজdbcnews.tv

বিজ্ঞান ও প্রযুক্তি

৬৪ জেলায় তরুণদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

৬৪ জেলায় তরুণদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

বিজ্ঞান ও প্রযুক্তি

৬৪ জেলায় তরুণদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

বাসস

ডিবিসি নিউজ

১৬ মিনিট আগে

দেশের ৬৪টি জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর।

‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই কোর্সে অংশ নিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী যুবকেরা আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

 

এই প্রশিক্ষণে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাদের আইসিটি ও ইংরেজিতে ভালো দক্ষতা রয়েছে, তারা অগ্রাধিকার পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে [http://www.dzaiproject.com/apply](http://www.dzaiproject.com/apply) ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

 

সফলভাবে আবেদনের পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে। জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে।

 

‘এআই ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের এই ক্লাস আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। ৫০ দিনব্যাপী এই কোর্সে প্রতিদিন ৬ ঘণ্টা করে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি লাগবে না। উপরন্তু অনাবাসিক প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে এবং কোর্স শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সরকারি সনদ প্রদান করা হবে।

 

পুরো দেশের ৬৪ জেলার প্রশিক্ষণ কার্যক্রমকে চারটি প্যাকেজে ভাগ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলা এবং বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’। 

 

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ দেবে ‘এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটি’-এর যৌথ উদ্যোগ। অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ‘সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন